দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর (৫২) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে মুক্তির পরপরই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকালে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বাবু মীরকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। কিন্তু কারামুক্তির পরপরই অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চলমান মামলাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পুনরায় গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর দীর্ঘদিন ধরে মাগুরার স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন ছাড়াও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। যদি আবার কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার চেষ্টা করা হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
/অ